নিজস্ব সংবাদদাতা, পোদড়া ৫ সেপ্টেম্বর:
শিক্ষকদের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতা জানিয়ে শনিবার বিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পালিত হল শিক্ষক দিবস। ছাত্রছাত্রীদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষিকাদের সংবর্ধনা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বক্তব্যের মাধ্যমে দিনটি উদযাপন করা হয়।

সান্ধ্যকালীন পর্বে শিক্ষক দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে ছাত্রছাত্রীরা। অনুষ্ঠানের শুরুতে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করে ইংরেজি বিভাগের সাম্মানিক স্নাতক স্তরের ছাত্রী অঙ্কিতা হাজরা। পরবর্তী পর্যায়ে শিক্ষক-শিক্ষিকাদের হাতে কলম তুলে দিয়ে সম্মান এবং শ্রদ্ধা প্রদর্শন করে ছাত্রছাত্রীরা। ছাত্রছাত্রীদের পরিবেশিত গান, সোহিনী পাহাড়ী এবং তৃষা মাইতির নৃত্য ও বক্তব্যের মাধ্যমে শিক্ষকদের প্রতি তাঁদের শ্রদ্ধা নিবেদন করে। অনুষ্ঠানে শিক্ষকরা ছাত্রছাত্রীদের এই উদ্যোগের প্রশংসা করেন। তাঁদের বক্তব্য, শিক্ষক এবং শিক্ষার্থীর সম্পর্ক শুধুমাত্র পাঠদান ও পরীক্ষার মধ্যে সীমাবদ্ধ নয়। শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়ে তুলতে শিক্ষকরা নিয়মিত তাঁদের পাশে থাকেন। তাই শিক্ষকদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশের এমন উদ্যোগ অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
গণিত বিভাগের শিক্ষক প্রকাশ মন্ডল বলেন, “ছাত্রছাত্রীদের ভালোবাসা ও সম্মানই একজন শিক্ষকের সবচেয়ে বড় প্রাপ্তি।” অনুষ্ঠানে শিক্ষার্থীদের পক্ষ থেকেও শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়। শিক্ষার্থীদের বক্তব্য, বিদ্যালয়ে প্রতিদিনের পড়াশোনার পাশাপাশি শিক্ষকরা তাঁদের শৃঙ্খলা, মূল্যবোধ ও জীবনের নানা বিষয়ে পথ দেখান। সেই কারণেই নিজেদের উদ্যোগে শিক্ষক দিবসকে বিশেষভাবে স্মরণীয় করে তুলতে এই আয়োজন। উল্লেখ্য, ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ও বিশিষ্ট শিক্ষাবিদ ড. সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন ৫ সেপ্টেম্বর দেশজুড়ে শিক্ষক দিবস হিসেবে পালিত হয়। এদিনের অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীর পারস্পরিক শ্রদ্ধা ও ভালোবাসার সম্পর্কই বিশেষভাবে উঠে আসে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোমলতা গাঙ্গুলী এবং বর্ণালী মান্না।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *