নিজস্ব সংবাদদাতা, কলকাতা, ২ অক্টোবর ২০২৬:


কলকাতার বাস-সংস্কৃতি, ঐতিহ্য এবং গণপরিবহণ ব্যবস্থার সঙ্গে যুক্ত মানুষের অবদানকে সামনে রেখে শুক্রবার অনুষ্ঠিত হলো ‘বাস যাত্রা ৪.০’। কলকাতা Bus-o-Pedia Foundation-এর উদ্যোগে আয়োজিত এবারের কর্মসূচির মূল বিষয় ছিল শহরের বাস পরিষেবাকে সচল রাখার কাজে যুক্ত নারী বাসকর্মীদের সম্মান ও স্বীকৃতি দেওয়া। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী অর্জুন সিং। সবুজ পতাকা আন্দোলনের মাধ্যমে অনুষ্ঠানটির শুভ সূচনা হয়।

আয়োজকদের প্রকাশিত কর্মসূচি অনুযায়ী, দুপুর ১২টা ৩০ মিনিটে হাওড়া ময়দানে বাসগুলির সমাবেশ হয়। এরপর দুপুর ১টা ৩০ মিনিটে হাওড়া ময়দান থেকে বাসযাত্রা শুরু হয়। যাত্রাপথে দুপুর ২টা ৩০ মিনিট থেকে বিকেল ৩টা ৩০ মিনিট পর্যন্ত রবীন্দ্র সদন ও অ্যাকাডেমি অব ফাইন আর্টস সংলগ্ন এলাকায় বিশেষ কর্মসূচি ও প্রদর্শনীর আয়োজন করা হয়। এরপর বিকেল সাড়ে ৩টার পর হাওড়ার উদ্দেশে ফেরার যাত্রা শুরু হয়।

এবারের বাসযাত্রায় মোট চারটি বাস অংশ নেয়। এর মধ্যে ছিল পশ্চিমবঙ্গ পরিবহণ নিগমের (WBTC) একটি শীতাতপ নিয়ন্ত্রিত CNG বাস, রুট ২৯-এর টিকিয়াপাড়া–সল্টলেক মিনিবাস, রুট ৫৭-এর কোনা–এসপ্ল্যানেড বাস এবং রুট ৫২-এর রামরাজাতলা–এসপ্ল্যানেড বাস। রুট ২৯-এর মিনিবাস এবার প্রথমবারের মতো এই অনুষ্ঠানে অংশ নেয়। অন্যদিকে, রুট ৫২-কে কলকাতার পুরনো বাস-রুটের ঐতিহ্যের প্রতীক হিসেবে তুলে ধরা হয়।

এবারের অনুষ্ঠানের অন্যতম বিশেষ আকর্ষণ ছিলেন ডলি রানার। কোনা–এসপ্ল্যানেড রুটের ৫৭ নম্বর বাসটির মালিক তিনি নিজেই এবং ওই বাসে কন্ডাক্টরের দায়িত্বও পালন করেন। আয়োজকদের বক্তব্য, গণপরিবহণের মতো ঐতিহ্যগতভাবে পুরুষপ্রধান ক্ষেত্রে মহিলাদের ভূমিকা তুলে ধরাই এবারের অনুষ্ঠানের অন্যতম উদ্দেশ্য। অনুষ্ঠানে একাধিক মহিলা বাস কন্ডাক্টরকেও সম্মানিত করা হয়।

Bus-o-Pedia Foundation-এর অন্যতম লক্ষ্য কলকাতার বাসব্যবস্থার ইতিহাস ও ঐতিহ্যকে সাধারণ মানুষের সামনে তুলে ধরা। সংগঠনটি ২০১৮ সালে একটি ফেসবুক পেজ হিসেবে যাত্রা শুরু করে এবং বর্তমানে একটি ট্রাস্ট হিসেবে কাজ করছে। সংগঠনের দাবি অনুযায়ী, সামাজিক মাধ্যমে তাদের সাড়ে ৪ লক্ষেরও বেশি অনুসারী রয়েছে। কলকাতা-সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বাস-সংক্রান্ত তথ্য, ইতিহাস ও সচেতনতা নিয়ে সংগঠনটি কাজ করে।

কলকাতার গণপরিবহণের ইতিহাসের সঙ্গেও এই আয়োজনের বিশেষ যোগ রয়েছে। Bus-o-Pedia-র তথ্য অনুযায়ী, কলকাতায় বাস পরিষেবার ইতিহাস দীর্ঘদিনের। সেই ঐতিহ্যকে সামনে রেখে প্রতিবছর বাসযাত্রার মাধ্যমে শহরের বাস, বাসকর্মী এবং যাত্রীদের সম্পর্ককে নতুন করে তুলে ধরা হয়।

‘বাস যাত্রা ৪.০’ তাই শুধুমাত্র একটি বাসভ্রমণ নয়; কলকাতার গণপরিবহণের ইতিহাস, বর্তমান ব্যবস্থা এবং বিশেষ করে বাস পরিষেবায় কর্মরত মহিলাদের অবদানকে সামনে আনার একটি উদ্যোগ। অনুষ্ঠানে অংশগ্রহণকারী থেকে সাধারণ মানুষ—অনেকেই এই উদ্যোগকে স্বাগত জানান।

খবরটি শেয়ার করুন