নিজস্ব সংবাদদাতা, শিবপুরী, ৪ সেপ্টেম্বর:
মধ্যপ্রদেশের শিবপুরীতে ঝরনায় স্নান করে ফেরার পর এক পরিবারের চার সদস্যের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতদের মধ্যে তিনজন নাবালক। ১৬ আগস্ট গোরা টিলার কাছে একটি ঝরনায় পিকনিক করতে গিয়েছিল পরিবারটি। সেখান থেকে ফেরার পর কয়েকজনের জ্বর, পেটের ব্যথা, বমি ও ডায়রিয়া শুরু হয়। পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রথমে ১৪ বছরের তাহির অসুস্থ হয়। হাসপাতালে ভর্তি করার পর ২১ আগস্ট তার মৃত্যু হয়। এরপর ১৯ বছরের আয়াজ অসুস্থ হয়ে শিবপুরী থেকে গ্বালিয়রে স্থানান্তরিত হয়। চিকিৎসাধীন অবস্থায় ২৩ আগস্ট তার মৃত্যু হয়। পরে ৯ বছরের তারুফ এবং ১১ বছরের তাসিফও অসুস্থ হয়ে পড়ে। ৩১ আগস্ট দু’জনেরই মৃত্যু হয়। ঘটনার পর স্বাস্থ্য দফতর তদন্ত শুরু করেছে। পিকনিকে যাওয়া প্রায় ৬২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে বলে প্রশাসন জানিয়েছে। একই সঙ্গে ঝরনার জল, পানীয় জল, খাবার ও পরিবারের ব্যবহৃত সামগ্রীর নমুনাও পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এলাকায় বাড়ি বাড়ি স্বাস্থ্য সমীক্ষাও চালানো হচ্ছে।প্রাথমিকভাবে সংক্রমণের সম্ভাবনার কথা জানিয়েছেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক। তবে ঝরনার জলই মৃত্যুর কারণ—এমন কোনও নিশ্চিত প্রমাণ এখনও পাওয়া যায়নি। পরীক্ষার রিপোর্ট এবং চিকিৎসা সংক্রান্ত নথি খতিয়ে দেখার পরই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে। পরিস্থিতি বিবেচনায় প্রশাসন ঝরনার জল পান করা, স্নান করা বা অন্য কোনও কাজে ব্যবহার করার উপর নিষেধাজ্ঞা জারি করেছে। চারটি মৃত্যুর ঘটনায় এলাকায় উদ্বেগ ছড়িয়েছে এবং তদন্তের রিপোর্টের দিকে নজর রাখছে প্রশাসন।
