নিজস্ব সংবাদদাতা, মধ্যমগ্রাম, ২৯ আগস্ট :নির্মীয়মাণ বহুতলের রং করার সময় দড়ি ছিঁড়ে উপর থেকে পড়ে মৃত্যু হল দুই শ্রমিকের। আহত আরও এক শ্রমিক হাসপাতালে চিকিৎসাধীন। শুক্রবার মধ্যমগ্রামের গোপালনগর এলাকায় মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নির্মীয়মাণ বহুতলের বাইরের অংশে রং করার কাজ চলছিল। বহুতলের গায়ে ঝুলন্ত দড়ির সাহায্যে তিন শ্রমিক কাজ করছিলেন। আচমকাই দড়ি ছিঁড়ে যায়। ফলে তিনজনই উপর থেকে মাটিতে পড়ে যান। তাঁদের চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে উদ্ধার কাজে হাত লাগান। গুরুতর আহত অবস্থায় তিনজনকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক দুই শ্রমিককে মৃত বলে ঘোষণা করেন। অপর এক শ্রমিকের চিকিৎসা চলছে হাসপাতালে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদের নাম মলয় চন্দ্র হাওলাদার (৪৮) এবং মিন্টু মণ্ডল (৪১)। দু’জনেই অশোকনগর থানা এলাকার বাসিন্দা। দুর্ঘটনার খবর পেয়ে মধ্যমগ্রাম থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, বহুতল নির্মাণের কাজে শ্রমিকদের নিরাপত্তা বিধি যথাযথভাবে মানা হয় কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে। তাঁদের দাবি, এর আগেও ওই নির্মীয়মাণ বহুতলে এক শ্রমিকের মৃত্যুর ঘটনা ঘটেছিল। বারবার দুর্ঘটনা ঘটলেও নিরাপত্তার ক্ষেত্রে যথেষ্ট সতর্কতা নেওয়া হচ্ছে না বলে অভিযোগ উঠেছে।ঘটনার খবর পেয়ে পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পাশাপাশি নির্মীয়মাণ বহুতলে কাজের সময় শ্রমিকদের জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল কি না, তাও তদন্ত করে দেখা হচ্ছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে

খবরটি শেয়ার করুন