গৌতম পাত্র | পোদড়া | ১৬ আগস্ট ২০২৬

পড়াশোনায় মেধাবী অথচ আর্থিকভাবে দুর্বল পরিবারের ছাত্রছাত্রীদের উৎসাহিত করতে বিশেষ উদ্যোগ নিল দি পোদড়া কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটি। রবিবার, ১৬ আগস্ট, বিকেল সাড়ে ৪টা থেকে সাড়ে ৬টা পর্যন্ত সমবায়ের নিজস্ব গৃহে আয়োজিত এক অনুষ্ঠানে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়।

এদিন পোদড়া অঞ্চলের মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ পাঁচজন এবং উচ্চমাধ্যমিকে উত্তীর্ণ একজন—মোট ছয়জন মেধাবী অথচ আর্থিকভাবে দুর্বল পরিবারের ছাত্রছাত্রীকে বিশেষভাবে সম্মানিত করা হয়। তাঁদের হাতে প্রশংসাপত্র, আর্থিক অনুদান ও পুষ্পস্তবক তুলে দিয়ে আগামী দিনে আরও ভালোভাবে পড়াশোনা করার জন্য উৎসাহিত করেন সমবায়ের কর্মকর্তা ও সদস্যরা।

অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্যে জয়ন্ত কয়াল ছাত্রছাত্রীদের নিজেদের মেধা ও যোগ্যতাকে কাজে লাগিয়ে জীবনে প্রতিষ্ঠিত হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, মেধা ও পরিশ্রমের মাধ্যমে এগিয়ে গিয়ে সমাজে একটি সম্মানজনক অবস্থান তৈরি করাই হওয়া উচিত ছাত্রছাত্রীদের লক্ষ্য।

সমবায়ের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য মনিমোহন কর্মকার তাঁর বক্তব্যে কৃতীদের উদ্দেশে বলেন, সত্যিকারের সুশিক্ষায় শিক্ষিত হয়ে বাবা-মা ও আত্মীয়পরিজনের মুখ উজ্জ্বল করে নিজেদের সমাজে প্রতিষ্ঠিত করতে হবে। শুধুমাত্র পুঁথিগত বিদ্যার মধ্যে নিজেদের সীমাবদ্ধ না রেখে দেশ ও দশের সেবায় নিজেদের নিয়োজিত করার জন্যও তিনি ছাত্রছাত্রীদের আহ্বান জানান।

অপর প্রতিষ্ঠাতা সদস্য দিলীপ কুমার দত্ত কৃতী ছাত্রছাত্রীদের হাতে প্রশংসাপত্র, আর্থিক অনুদান ও পুষ্পস্তবক তুলে দেন। সম্মাননা পেয়ে ছাত্রছাত্রীরা আগামী দিনে আরও ভালো ফলাফল করার প্রত্যয় ব্যক্ত করে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমবায়ের কার্যকরী কমিটির বর্ষীয়ান সদস্য তারাপদ গাঙ্গুলী। তিনি ছাত্রছাত্রীদের শিক্ষাজীবনে নিয়মিত অধ্যয়ন, শৃঙ্খলা ও কঠোর পরিশ্রমের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি আর্থিক প্রতিকূলতাকে জীবনে এগিয়ে যাওয়ার পথে বাধা হতে না দেওয়ার পরামর্শ দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কো-অপারেটিভের অন্যান্য কার্যকরী কমিটির সদস্য ও সদস্যারা। তাঁরাও কৃতী ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন এবং তাঁদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

সমবায়ের পক্ষ থেকে এই উদ্যোগকে শুধু একটি সংবর্ধনা অনুষ্ঠান হিসেবে নয়, অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা মেধাবী ছাত্রছাত্রীদের শিক্ষাজীবনে উৎসাহ ও আত্মবিশ্বাস জোগানোর একটি সামাজিক প্রয়াস হিসেবে তুলে ধরা হয়। আগামী দিনেও এই ধরনের সামাজিক ও শিক্ষামূলক কর্মকাণ্ডের মাধ্যমে এলাকার ছাত্রছাত্রীদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন সমবায়ের সদস্যরা।

সমগ্র অনুষ্ঠানটি সুচারুভাবে সঞ্চালনা করেন সমবায় সম্পাদক বিশ্বরূপ ব্যানার্জী। তাঁর সাবলীল সঞ্চালনায় নির্ধারিত সময়ের মধ্যে অনুষ্ঠানটি সুন্দরভাবে সম্পন্ন হয়। উপস্থিত অতিথি, সমবায়ের সদস্য এবং অভিভাবকদের মধ্যে অনুষ্ঠান ঘিরে উৎসাহ ও আনন্দের পরিবেশ লক্ষ্য করা যায়।

কপিরাইট খবর সাঁকরাইল

খবরটি শেয়ার করুন