দীর্ঘদিন বন্ধ পোদড়া ফেরিঘাট, দ্রুত চালুর দাবিতে গণঅবস্থান ও কনভেনশন
নিজস্ব সংবাদদাতা | সাঁকরাইল, হাওড়া, ৯ আগস্ট ২০২৬ – দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে থাকা পোদড়া–রাজাবাগান ফেরিঘাট অবিলম্বে চালুর দাবিতে সরব হলেন পোদড়া এলাকার বাসিন্দারা। ফেরিঘাট চালুর দাবিতে পোদড়া খেয়াঘাট মোড়ে অনুষ্ঠিত হল গণঅবস্থান ও কনভেনশন। স্থানীয় বাসিন্দা, সমাজসচেতন মানুষ এবং বিভিন্ন মহলের প্রতিনিধিদের উপস্থিতিতে কর্মসূচিতে ফেরিঘাট দ্রুত চালুর দাবি জোরালোভাবে উঠে আসে।
হাওড়া জেলার সাঁকরাইল থানার অন্তর্গত পোদড়া গ্রাম পঞ্চায়েত এলাকার এই ফেরিঘাটটি স্থানীয় মানুষের যাতায়াতের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, প্রায় তিনশো বছরেরও বেশি পুরনো পোদড়া–রাজাবাগান ফেরিঘাট দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে রয়েছে। স্থানীয়দের অভিযোগ, ফেরিঘাট বন্ধ থাকার ফলে প্রতিদিন বিপুল সংখ্যক মানুষ সমস্যার মুখে পড়ছেন। তাঁদের দাবি, প্রায় নয় থেকে দশ হাজার নিত্যযাত্রী, শ্রমজীবী মানুষ এবং বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত মানুষ এই ফেরিঘাটের উপর প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নির্ভরশীল। দীর্ঘদিন ফেরিঘাট বন্ধ থাকায় তাঁদের যাতায়াতে অতিরিক্ত সময় ও খরচ হচ্ছে।
গণঅবস্থান ও কনভেনশনের মঞ্চে উপস্থিত ছিলেন অশোক বক্সী, শেখ জাকির হোসেন, সুপ্রভাত ব্যানার্জী, সোমা কয়াল, মহম্মদ মানোয়ার খাঁন সহ বহু সমাজসচেতন মানুষ। তাঁদের উপস্থিতিতে ফেরিঘাট চালুর দাবিতে আয়োজিত কর্মসূচি আরও তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে। বক্তারা ফেরিঘাটটি দ্রুত চালু করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। তাঁদের বক্তব্যে উঠে আসে সাধারণ মানুষের দীর্ঘদিনের যাতায়াতের সমস্যা, শ্রমজীবী মানুষের দুর্ভোগ এবং স্থানীয় যোগাযোগ ব্যবস্থার উপর ফেরিঘাটটির গুরুত্বের বিষয়টি।
আদালতের নির্দেশের পরেও কেন বন্ধ?
আয়োজকদের প্রচারপত্রে দাবি করা হয়েছে, কলকাতা হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও ফেরিঘাট চালু হয়নি। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনিক গড়িমসি এবং নানা জটিলতার কারণে দীর্ঘদিন ধরে ফেরিঘাট বন্ধ রয়েছে,
এই পরিস্থিতিতে আন্দোলনকারীদের মূল দাবি, আদালতের নির্দেশ কার্যকর করে প্রশাসনকে দ্রুত ফেরিঘাট চালুর উদ্যোগ নিতে হবে। তাঁদের বক্তব্য, ফেরিঘাট চালু হলে শুধু পোদড়া বা আশপাশের এলাকার মানুষই উপকৃত হবেন না, বৃহত্তর এলাকার মানুষের যোগাযোগ ব্যবস্থাও সহজ হবে। দীর্ঘদিনের এই সমস্যা সমাধানে প্রশাসন কী পদক্ষেপ নেয়, এখন সেদিকেই তাকিয়ে স্থানীয় বাসিন্দারা। পোদড়া গ্রামবাসীবৃন্দ ও পোদড়া ফেরিঘাট বাঁচাও কমিটি-র পক্ষ থেকে ফেরিঘাট দ্রুত চালুর দাবিতে এই কর্মসূচির আয়োজন করা হয়েছিল। স্থানীয়দের বক্তব্য, দীর্ঘদিনের আন্দোলন ও দাবির পরেও যদি ফেরিঘাট চালু না হয়, তাহলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে যাওয়ার বিষয়েও তাঁরা ভাবতে পারেন। স্থানীয় মানুষের প্রশ্ন একটাই—আদালতের নির্দেশ ও দীর্ঘদিনের জনদাবির পরেও কবে স্বাভাবিক হবে পোদড়া–রাজাবাগান ফেরিঘাটের পরিষেবা?
S
