নিজস্ব সংবাদদাতা,, হাওড়া, ১৯ আগস্ট –

দামোদর ঘাঁটি নিগম প্রচুর পরিমানে জল ছাড়ায় দামোদরে চাপ, বৃষ্টিতে জলমগ্ন হাওড়ার বিস্তীর্ণ এলাকা। নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গ ও ঝাড়খণ্ডে টানা বৃষ্টির জেরে ডিভিসি জল ছাড়ার পরিমাণ বাড়িয়েছে। সেচ দপ্তর সূত্রে জানা গিয়েছে, সোমবার প্রায় ৩৫ হাজার কিউসেক জল ছাড়া হলেও মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত সেই পরিমাণ বেড়ে প্রায় ৮০ হাজার কিউসেক হয়েছে। আগামী দিনে জল ছাড়ার পরিমাণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা রয়েছে। এর জেরে দামোদরের জলস্তর বাড়ার পাশাপাশি উদয়নারায়ণপুর, আমতা, বাগনান-সহ হাওড়া গ্রামীণ এলাকার বিস্তীর্ণ অঞ্চলে বন্যার আশঙ্কা তৈরি হয়েছে। পরিস্থিতির দিকে নজর রেখে প্রশাসনের তরফে নজরদারি বাড়ানো হয়েছে এবং ব্লক প্রশাসনগুলিকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। ইতিমধ্যেই টানা বৃষ্টিতে শ্যামপুর, বাগনান, উলুবেড়িয়া, আমতা ও জগৎবল্লভপুরের একাধিক নিচু এলাকা জলমগ্ন। কোথাও রাস্তায় জল দাঁড়িয়ে রয়েছে, আবার কোথাও চাষের জমিতে হাঁটু থেকে কোমরসমান জল জমেছে। ফলে আমন ধান, আনাজ ও ফুল চাষে ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। উদয়নারায়ণপুরে দামোদরের প্রাথমিক বিপদসীমা ১২.৭০ মিটার এবং চরম বিপদসীমা ১৩.৯০ মিটার। তবে এখনও পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে বলে সেচ দপ্তর সূত্রে জানা গিয়েছে। বাঁধের দুর্বল অংশগুলিতে বাড়তি নজরদারি চালানো হচ্ছে। অন্যদিকে, প্রবল বৃষ্টিতে শ্যামপুরের রাধাপুর এলাকায় একটি দোকানের অংশ ভেঙে পাশের খালে পড়ে জল চলাচল ব্যাহত হয়। পরে যন্ত্রের সাহায্যে ধ্বংসাবশেষ সরানো হয়। বাগনান ও উলুবেড়িয়ার বিভিন্ন এলাকাতেও গাছ ভেঙে রাস্তার উপর পড়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতির উপর নজর রাখছে প্রশাসন।

খবরটি শেয়ার করুন