নিজস্ব প্রতিনিধি, কলকাতা, ২৯ আগস্ট :
গঙ্গার জলপথে আধুনিক ও পরিবেশবান্ধব যাত্রী পরিবহণ ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে নতুন উদ্যোগ নিল রাজ্য সরকার। রাজ্য সরকারের পক্ষে পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ এই বরাত ঘোষণার পরিপ্রেক্ষিতে দুটি অত্যাধুনিক ওয়াটার ভেসেল তৈরির দায়িত্ব দেওয়া হল কলকাতার গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেডকে (GRSE)। শুক্রবার এক অনুষ্ঠানে সংস্থার আধিকারিকদের হাতে আনুষ্ঠানিকভাবে এই বরাত তুলে দেওয়া হয়। জানা গিয়েছে, গঙ্গার জলপথে যাত্রী পরিবহণের সুবিধা বাড়ানোর লক্ষ্যেই এই প্রকল্প গ্রহণ করা হয়েছে। নতুন ভেসেলগুলি সম্পূর্ণ ব্যাটারিচালিত ও পরিবেশবান্ধব প্রযুক্তিতে তৈরি করা হবে। ফলে নদীপথে যাতায়াতের ক্ষেত্রে দূষণ কমানোর পাশাপাশি আধুনিক পরিবহণ পরিষেবাও গড়ে তোলা সম্ভব হবে বলে মনে করা হচ্ছে।
সূত্রের খবর, বিশেষ প্রযুক্তিতে তৈরি প্রতিটি ভেসেলে একসঙ্গে অন্তত ১০০ জন যাত্রী যাতায়াত করতে পারবেন। এই জলযানগুলি গঙ্গার বিভিন্ন গুরুত্বপূর্ণ রুটে ব্যবহার করার পরিকল্পনা রয়েছে। রাজ্যের জলপথ পরিবহণ ব্যবস্থাকে আরও কার্যকর ও আকর্ষণীয় করে তুলতেই ওয়াটার ট্যাক্সি ও ওয়াটার মেট্রোর মতো আধুনিক পরিষেবার পাশাপাশি নতুন এই ভেসেল প্রকল্পকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। ব্যাটারিচালিত ভেসেল তৈরিতে প্রায় ২১ কোটি টাকা খরচ হবে বলে জানা গিয়েছে। প্রকল্পটির জন্য রাজ্য সরকারের পক্ষ থেকেও উল্লেখযোগ্য অর্থ ব্যয় করা হবে। সংশ্লিষ্ট মহলের মতে, গঙ্গার জলপথকে বিকল্প গণপরিবহণ ব্যবস্থা হিসেবে গড়ে তুলতে এই উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজ্য সরকারের আশা, সড়কপথের উপর চাপ কমানোর পাশাপাশি গঙ্গার জলপথকে আরও বেশি ব্যবহারযোগ্য করে তোলা সম্ভব হবে। আধুনিক নকশা ও পরিবেশবান্ধব প্রযুক্তিতে তৈরি এই নতুন ভেসেলগুলি চালু হলে কলকাতা ও সংলগ্ন এলাকার যাত্রীদের যাতায়াতে নতুন দিগন্ত খুলবে। আগামী মাসের মধ্যেই নতুন জলযানগুলি গঙ্গার বুকে নামানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে।
