নিজস্ব সংবাদদাতা, পোদড়া, ৩০ আগস্ট ২০২৬ –
দি পোদড়া কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটি লিমিটেডের ৬০তম বার্ষিক সাধারণ সভা রবিবার পোদড়ায় সমিতির নিজস্ব ভবনে অনুষ্ঠিত হল। পশ্চিমবঙ্গ সমবায় সমিতি আইন, ২০০৬ অনুযায়ী আয়োজিত এই সভায় সমিতির প্রশাসনিক, আর্থিক ও সাংগঠনিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিকেল সাড়ে ৪টেয় শুরু হওয়া সভায় উপস্থিত সদস্যরা সমিতির বর্তমান কার্যক্রম, পরিষেবার মানোন্নয়ন এবং আগামী দিনের পরিকল্পনা নিয়ে মতামত প্রকাশ করেন।
অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট সদস্যদের মধ্যে ছিলেন শৈলেন্দ্র নাথ পাল, দিলীপ কুমার দত্ত, অসিত সরকার, বিশ্বনাথ পাল, বিশ্বরূপ ব্যানার্জী, অমল মণ্ডল, জয়ন্ত কয়াল, বিশ্বনাথ সাঁধুখাঁ, মনিমোহন কর্মকার, তারাপদ গাঙ্গুলী, অসীমা দত্ত, গৌতম পাত্র এবং গীতা দলুই-সহ অন্যান্য সদস্যবৃন্দ। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল চারজন জীবিত প্রতিষ্ঠাতা প্রবীণ সদস্য নির্মল ব্যানার্জী, দেবানন্দ মাহাতো, পাঁচুগোপাল সর্দার এবং দীনেশ নস্কর কে পুষ্প স্তবক, স্মারক এবং মিষ্টান্ন দিয়ে সম্মাননা প্রদান। পরবর্তী আলোচনায় তাঁরা সমিতির সার্বিক উন্নয়ন, সদস্যদের সুবিধা বৃদ্ধি এবং ভবিষ্যতে আরও কার্যকর পরিষেবা প্রদানের বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেন। সমিতির অগ্রগতি বজায় রাখতে সদস্যদের সক্রিয় অংশগ্রহণ এবং পারস্পরিক সহযোগিতার উপরও গুরুত্ব আরোপ করা হয়। বার্ষিক সাধারণ সভায় বিগত বছরের কার্যবিবরণী, পরিচালন পর্ষদের বার্ষিক প্রতিবেদন, নিরীক্ষা প্রতিবেদন ও নিরীক্ষিত হিসাব বিবরণী নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি বার্ষিক বাজেট অনুমোদন, সমিতির আর্থিক পরিস্থিতি, বিভিন্ন রিজার্ভ ও তহবিলের ব্যবহার, নিট লাভ বণ্টন এবং আগামী দিনের দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়েও বিস্তারিত আলোচনা হয়। ঋণ ও অগ্রিম প্রদান সংক্রান্ত বিষয়ও সভার অন্যতম গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় ছিল। সদস্যদের আর্থিক প্রয়োজনের কথা মাথায় রেখে সমিতির ঋণ পরিষেবা আরও উন্নত করার বিষয়ে আলোচনা হয়। সদস্যদের পক্ষ থেকে বিশেষভাবে সান্ধ্যকালীন পরিষেবা চালু করার দাবি জানানো হয়। তাঁদের বক্তব্য, কর্মব্যস্ত সদস্যদের অনেকেই দিনের নির্দিষ্ট সময়ে সমিতির পরিষেবা গ্রহণ করতে অসুবিধার সম্মুখীন হন। ফলে সন্ধ্যার সময় পরিষেবা চালু করা হলে বহু সদস্য উপকৃত হবেন। সভায় সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন অসিত চক্রবর্তী এবং মণিলাল বেরা
। সদস্যদের পক্ষ থেকে ঋণের পরিমাণ বৃদ্ধির দাবিও উত্থাপন করা হয়। বর্তমান আর্থিক পরিস্থিতিতে সদস্যদের বিভিন্ন প্রয়োজন মেটাতে ঋণের পরিমাণ বৃদ্ধি করা প্রয়োজন বলে মত প্রকাশ করেন তাঁরা। এই দুটি গুরুত্বপূর্ণ দাবির বিষয়ে সমিতির পক্ষ থেকে কিছু প্রশাসনিক ও বাস্তবগত অসুবিধার কথা জানানো হয়। তবে বিষয়গুলিকে গুরুত্ব সহকারে বিবেচনা করে আগামী দিনে বিস্তারিত আলোচনার পর্যায়ে রাখা হবে বলে আশ্বাস দেওয়া হয়। সভায় নিয়মিত ঋণ গ্রহণ ও নির্ধারিত সময় অনুযায়ী ঋণ পরিশোধকারী সদস্যদেরও বিশেষভাবে উৎসাহিত করা হয়। সমিতির নিয়ম অনুযায়ী নিয়মিত ঋণ প্রদানকারী সদস্যদের মধ্যে বিশেষ পুরস্কার প্রদান করা হয়। এই সম্মাননা প্রদানের মাধ্যমে নিয়মিত আর্থিক লেনদেন ও দায়িত্বশীলতার প্রতি সদস্যদের উৎসাহিত করার উদ্যোগ নেওয়া হয়। এছাড়াও সভায় সমিতির ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, সদস্য সংখ্যা বৃদ্ধি, উপ-আইন সংক্রান্ত বিষয় এবং পরিষেবাকে আরও আধুনিক ও সদস্যবান্ধব করে তোলার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব দেওয়া হয়। উপস্থিত সদস্যরা তাঁদের বিভিন্ন মতামত ও প্রস্তাব তুলে ধরেন এবং সমিতির উন্নয়নে সকলে মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
৬৪ বছরের দীর্ঘ পথচলায় দি পোদড়া কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটির এই বার্ষিক সাধারণ সভা সমিতির ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মনে করছেন উপস্থিত সদস্যরা। আলোচনা, মতবিনিময়, সদস্যদের দাবি-দাওয়া এবং নিয়মিত সদস্যদের সম্মাননার মধ্য দিয়ে সমিতির ৬০তম বার্ষিক সাধারণ সভা সম্পন্ন হয়।
