সাংবাদিকদের মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনায় নাম নথিভুক্তির সুযোগ

রাজ্য ডেস্ক, কলকাতা, ২৪ আগস্ট: পশ্চিমবঙ্গের সাংবাদিকদের জন্য গুরুত্বপূর্ণ উদ্যোগ নিল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনায় (MMSBY) সাংবাদিকদের নাম নথিভুক্তির জন্য আবেদন আহ্বান করা হয়েছে। ২৩ আগস্ট ২০২৬ তারিখে পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি দফতরের পক্ষ থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।বিজ্ঞপ্তি অনুযায়ী, রাজ্যে বসবাসকারী অ্যাক্রেডিটেড, নন-অ্যাক্রেডিটেড এবং ফ্রিল্যান্স সাংবাদিকরা এই প্রকল্পে নাম নথিভুক্তির জন্য আবেদন করতে পারবেন। প্রিন্ট, ইলেকট্রনিক এবং ডিজিটাল—সব ধরনের সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত সাংবাদিকরাই আবেদনের সুযোগ পাবেন। ইতিমধ্যেই যাঁরা আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় নথিভুক্ত রয়েছেন, তাঁদের নতুন করে এই প্রকল্পে আবেদন করার প্রয়োজন নেই।কলকাতার সাংবাদিকদের নির্ধারিত আবেদনপত্র পূরণ করে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা প্রয়োজনীয় নথিপত্রসহ প্রথমে নবান্নে তথ্য ও সংস্কৃতি দফতরের নিউজ ব্যুরোতে জমা দিতে হবে। সেখান থেকে আবেদনগুলি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরে পাঠানো হবে এবং পরবর্তী প্রক্রিয়ার মাধ্যমে নথিভুক্তি সম্পন্ন হবে। অন্যদিকে, জেলার ও মহকুমার সাংবাদিকদের আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি সংশ্লিষ্ট জেলার District Information & Cultural Office (DICO)-এ জমা দিতে হবে। সেখান থেকে আবেদন সংশ্লিষ্ট জেলা শাসকের দফতরে পাঠানো হবে। রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতর সাংবাদিকদের সঙ্গে সরকারি তথ্য ও গণসংযোগ সংক্রান্ত বিষয় সমন্বয়ের পাশাপাশি প্রেস-সংক্রান্ত কাজও পরিচালনা করে। নতুন এই উদ্যোগের ফলে রাজ্যের বিভিন্ন প্রান্তে কর্মরত সাংবাদিকদের স্বাস্থ্যসুরক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সুবিধা পাওয়ার পথ আরও প্রসারিত হল।

খবরটি শেয়ার করুন